বিশ্বখ্যাত বিলাসবহুল হোটেল Burj Al Arab আগামী ১৮ মাসের জন্য বন্ধ রাখা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত আইকনিক এই হোটেলটির ব্যাপক সংস্কারকাজ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে Jumeirah Group। বুধবার (১৫ এপ্রিল) এক ঘোষণায় বিষয়টি জানানো হয়।
দীর্ঘদিন ধরেই বিলাসবহুল আতিথেয়তার প্রতীক হিসেবে পরিচিত বুর্জ আল আরব তার পাল-আকৃতির অনন্য স্থাপত্যশৈলীর কারণে দুবাইয়ের অন্যতম আকর্ষণীয় নিদর্শন হিসেবে বিবেচিত।
সংস্কার প্রকল্পের আওতায় হোটেলের ঐতিহ্যবাহী নকশা অক্ষুণ্ণ রেখে অভ্যন্তরীণ সাজসজ্জায় আধুনিকতার ছোঁয়া যোগ করা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো কাজটি অত্যন্ত যত্ন ও নিখুঁত পরিকল্পনার মাধ্যমে সম্পন্ন করা হবে, যেন একটি শিল্পকর্ম পুনরুদ্ধার করা হচ্ছে।
এই প্রকল্পের নেতৃত্বে থাকবেন প্যারিসভিত্তিক খ্যাতিমান ইন্টেরিয়র স্থপতি Tristan Auer। এর আগে তিনি Hôtel de Crillon–সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক পুনরুদ্ধার প্রকল্পে কাজ করেছেন। দীর্ঘ যাচাই-বাছাই শেষে তাঁকেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
জুমেইরাহ গ্রুপের কর্মকর্তা Thomas B. Meier বলেন, “গত ২৭ বছর ধরে বুর্জ আল আরব নিজস্ব স্বকীয়তায় অতিথিদের সেবা দিয়ে আসছে। সংস্কারের মাধ্যমে এর ঐতিহ্য ধরে রেখে নতুন অভিজ্ঞতা যুক্ত করা হবে।”
তিনি আরও জানান, এই পুনর্গঠন প্রকল্প বুর্জ আল আরবের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবে এবং এর মর্যাদা ও অনন্য নকশাকে আরও সমৃদ্ধ করবে।
উল্লেখ্য, ১৯৯৯ সালে যাত্রা শুরু করা বুর্জ আল আরব বর্তমানে বিশ্বের অন্যতম বিলাসবহুল হোটেল হিসেবে পরিচিত। ১৯৮টি বিলাসবহুল স্যুটসমৃদ্ধ এই হোটেলের অভ্যন্তরে ব্যবহৃত হয়েছে মার্বেল, সোনার পাত ও ক্রিস্টাল। এছাড়া এর বিশাল সর্পিল ঝাড়বাতিতে রয়েছে ২১০টি ক্রিস্টাল টিউব, যার ওজন প্রায় ৪৫০ কিলোগ্রাম।

