মিরপুর টেস্টে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১৬৩ রানে গুটিয়ে দিয়ে ১০৪ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে জয়ের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ২৩ বছর। এই সময়ে টানা ১১টি টেস্টে হারের হতাশা সঙ্গী ছিল টাইগারদের। অবশেষে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ, যেখানে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়েছিল শান্তরা।
সেই আত্মবিশ্বাসের ধারাবাহিকতায় এবার মিরপুরেও পাকিস্তানকে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। এটি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট জয়।

