আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ঘোষিত এই স্কোয়াডে জায়গা পাননি তারকা ফরোয়ার্ড পাউলো দিবালা, যা ফুটবল অঙ্গনে বড় আলোচনার জন্ম দিয়েছে।
সোমবার (১১ মে) ছিল বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর প্রাথমিক দল ঘোষণার শেষ দিন। নির্ধারিত সময়সীমার মধ্যেই নিজেদের স্কোয়াড প্রকাশ করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের জন্য ঘোষিত এই ৫৫ সদস্যের দল থেকে পরবর্তীতে চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড নির্বাচন করা হবে।
তবে সবচেয়ে বড় চমক এসেছে দিবালার বাদ পড়ায়। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে গুরুত্বপূর্ণ গোল করা এই ফরোয়ার্ড এবার প্রাথমিক দলেই সুযোগ পাননি।
বিশ্বকাপজয়ী কাতার স্কোয়াডের সদস্যদের মধ্যে একমাত্র দিবালাই বাদ পড়েছেন প্রাথমিক তালিকা থেকে।
অন্যদিকে আর্জেন্টিনা দলে নতুন চমক হিসেবে সুযোগ পেয়েছেন তরুণ গোলরক্ষক সান্তিয়াগো বেলট্রান। রিভার প্লেটের এই প্রতিভাবান ফুটবলারকে রাখা হয়েছে ছয় গোলরক্ষকের তালিকায়।
এ ছাড়া বোকা জুনিয়র্সের লাউতারো দিললো এবং স্প্যানিশ ক্লাব হেতাফের ডিফেন্ডার জাইদ রোমেরোও জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার প্রাথমিক দলে।

