ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) চলাকালে খেলোয়াড়দের দুপুরের খাবারের দায়িত্ব নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (২ মে) মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।
খেলোয়াড়দের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলতে গিয়ে তামিম বলেন, হঠাৎ করে প্রচলিত ভাতভিত্তিক খাবার থেকে সম্পূর্ণ ডায়েট–নির্ভর খাদ্যাভ্যাসে অভ্যস্ত হওয়া সবার জন্য সহজ নয়। জাতীয় দল, অনূর্ধ্ব–১৯ কিংবা ‘এ’ দলের ক্রিকেটাররা হয়তো এ ধরনের খাবারে অভ্যস্ত, তবে ঘরোয়া লিগের অনেক ক্রিকেটারের জন্য তা কঠিন হতে পারে। তাই বিসিবি এমন খাবারের ব্যবস্থা করবে, যা একই সঙ্গে স্বাস্থ্যসম্মত ও খেলোয়াড়বান্ধব হবে।
তিনি আরও জানান, খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দিচ্ছে বোর্ড। ডিপিএলের প্রতিটি ভেন্যুতে চার থেকে পাঁচটি অ্যাম্বুলেন্স রাখার পরিকল্পনা রয়েছে। তামিম বলেন, “খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা বিসিবির দায়িত্ব। প্রতিটি মাঠেই প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা রাখা হবে।”
আগামী ৪ মে শুরু হতে যাচ্ছে ডিপিএল ২০২৫–২৬ মৌসুম। এতদিন অংশগ্রহণকারী ক্লাবগুলো নিজেদের উদ্যোগে খেলোয়াড়দের দুপুরের খাবারের ব্যবস্থা করত, যেখানে সাধারণত ভাত, আলু ভর্তা ও গরুর মাংস থাকত।
তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বিসিবিই খেলোয়াড়দের জন্য পুষ্টিকর ও ফিটনেস–সম্মত খাবার সরবরাহ করবে।

